সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কেমন আছে শহর বর্ধমান ?

কেমন আছে শহর বর্ধমান ?

এখন মিনিট পনেরো এক নাগাড়ে বৃষ্টি হলে বর্ধমান শহরটা জাদুবলে ভেনিস হয়ে যায়। এমনকি বিজয় তোরণের এ পাশেও জল জমে। বাকি শহরের কথা বলার দরকার নেই। যারা শহরের ওইসব অঞ্চলে বসবাস করেন তারা জানেন। আমি এরকম পঞ্চাশটা অঞ্চলের নাম বলতে পারি। এক নাগাড়ে ৬৫ বছর এই শহরের স্থায়ী বাসিন্দা আমি। হাতের তালুর মত শহরটা চিনি।
বছর চল্লিশ আগে ‘উদয় অভিযান’ পত্রিকায় একটা প্রতিবেদন লিখেছিলাম। প্রতিপাদ্য বিষয় ছিল বর্ধমানের নগর পরিকল্পনা ও পয়ঃপ্রণালী সংস্কার ও জলনিকাশি প্রকল্প। লিখেছিলাম এই এলোমেলো ভাবে গড়ে ওঠা শহরটাকে যদি এখনই নজর না দেওয়া হয় তাহলে একদিন শহরটা জতুগৃহ হবে এবং সামান্য বৃষ্টিতে জল জমবে এমনকি বিজয় তোরণের কাছে বিসি রোডের উপর। উদ্যোগী ব্যবসায়ীরা রবারের নৌকা কিনে রাখতে পারেন। বর্ধমান নর্দমার জলে ভেনিস হবে। অনেকদিন ধরে আমাকে এজন্য নানারকম ঠাট্টা বিদ্রূপ শুনতে হয়েছে। পরে যখন সত্যিই জল জমতে আরম্ভ করল তখন অনেক দেরী হয়ে গেছে।
২০০০ সালে লায়ন্স ক্লাবে একটা সেমিনার হয়- একবিংশ শতকের বর্ধমানের নগর পরিকল্পনা নিয়ে। সেই সেমিনারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ততকালীন উপাচার্য ডঃ মোহিত চট্টোপাধ্যায় ও আমি বক্তা ছিলাম। মোহিত বাবুর গবেষণার বিষয়ের মধ্যে নগর পরিকল্পনা ও নগর উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল। আমি মাঠে চরা মানুষ। বেশ মজা হয়েছিল। উনি একটা তথ্য দিয়ে দেখালেন যে দামোদরের বিধ্বংসী বন্যায় ইদিলপুর নামে গ্রামটি মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে গেছে। ২০০০ সালে ইদিলপুর একটা জমজমাট লোকবসতি –এ খবর তাঁর তথ্যসূত্র জানায় নি। আমি সে কথা উল্লেখ করে বললাম যে শুধুমাত্র তাত্বিক প্রকল্প দিয়ে নগর পরিকল্পনা করা যায় না। যেখানে এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছিল সেখানে একটা বড় ডোবা ছিল। বললাম,’ আপনারা এই শহরকে বাঁচানোর পরিকল্পনা করছেন কিন্তু এই বিল্ডিংটাই তো জলাজমি বুজিয়ে নির্মাণ করা।‘ বলাবাহুল্য আমাকে আর কোনদিন সিংহবাহিনী ডাকেন না। 
#
এই শহরের সকল চিন্তাশীল মানুষের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা বাসা বেঁধে আছে যে এই শহরটা একেবারেই অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে শুরু থেকেই। কথাটা খানিকটা ঠিক; অনেকটাই ঠিক নয়। আমার মতে এই শহরের সর্বনাশের শুরু স্বাধীনতার পর থেকে। জমিদারী বা রাজ আমলে এই শহরের নগর পরিকল্পনা কিছু ছিল না একথা ঠিক কিন্তু এই শহরের জলনিকাশি পরিকল্পনা ছিল একেবারে আধুনিক ও বিজ্ঞানসম্মত। শহরটার গঠন ছিল উল্টোনো বাটির মত কানিকটা। যতই বৃষ্টি হোক- এমনকি প্রবল বর্ষণেও- শহরের জল দশ মিনিটের মধ্যে সরে যেত । কৃষ্ণসায়র , শ্যাম সায়র, রাণী সায়র কোনোদিন উপচে ভেসে যায় নি। বাঁকা তখন দুরন্ত বর্ষাতি নদী ছিল; এখন আমরা এটাকে পূতিগন্ধময় নর্দমায় রূপান্তরিত করে ফেলেছি, বাঁকার দুই পাড়ের জমি( বাঁকার বেসিন) আত্মসাৎ হয়ে গেছে।নগরপালকদের অদূরদর্শিতা, মানুষের সীমাহীন লোভ ও জমির ক্ষুধা, এবং বন্ধ্যা রাজনীতির কারণে এই শহরটা আর বাসযোগ্য নেই, একটা বদ্ধ জতুগৃহ এটা, দশমিনিটের বৃষ্টিতে এই শহর নর্দমার জলে ভেনিসে পরিণত হয়ে যায়। উলটানো বাটিকে আমরা উলটে নিয়েছি। তাই এখন রাণীগঞ্জ বাজারেও জল জমে সামান্য বৃষ্টিতে। কে দায়ী? উত্তর- আমরা সকলে। আমি ৬৫ বছর এই শহরে বাস করি। এরমধ্যে মাঝখানে একটানা ৩৪ বছর এবং তার আগেও দশ বারো বছর অর্থাৎ প্রায় পঞ্চাশ বছর পুরসভার দায়ীত্বে ছিলেন বামপন্থীরা । দায়ীত্ব কেউ এড়িয়ে যেতে পারেন না। আজ গাছকাটার বিরুদ্ধে ও সুস্থ নাগরিক জীবনের সন্ধানে সেমিনার মীটিং করতে শুরু করেছি। ভাবতে ভাবতে কিছু কথা মনে ভেসে এল। এলোমেলোভাবে কিছু কথা বলার ইচ্ছেয় এই প্রতিবেদন। ( চলবে )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ

সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ ছোটো বয়সে সংস্কৃত ক্লাশে অনুবাদ করেছিলামঃ সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ। মনের মধ্যে খটকা এখনো লেগে আছে। সত্য সবসময় 'প্রিয়' হবে এমন কোনো মানে নেই। লোকের মন রাখতে গিয়ে মিথ্যে বা অর্ধ সত্যের চাষ করে যেতে হবে। তারপর আমরা একটা সুস্থ সমাজ চাইব!  মাঝে মাঝেই দেখি আমি হয়তো কোনো বন্ধুর পোষ্টে কিছু মন্তব্য করেছি যা সত্য কিন্তু তার মনঃপূত নয়। কিছুক্ষণ পর দেখি আমার মন্তব্য ডিলিট করে দিয়েছে। আমি হয়তো আর সেখানে কিছু মন্তব্য করব না বা তাকে আনফ্রেন্ড করব না ( তার স্তরে আমি কেন নামবো ?) কিন্ত সত্য কি ডিলিট করা যাবে? একটা তর্ক প্রায় শুনি- আমার সত্য বনা্ম তোমার সত্য। আমার হাসি পায়। সত্যের স্বরূপ তুমি- আমি -স্বাপেক্ষ নয়।

কেমন আছে শহর বর্ধমান ?......( আপাতত শেষ পর্ব)

কেমন আছে শহর বর্ধমান ? ......( আপাতত শেষ পর্ব)  কিভাবে লুপ্তোদ্ধার সম্ভব? না, এই এলোমেলোভাবে গড়ে ওঠা শহরের লুপ্তোদ্ধার সম্ভব নয়। প্রথমেই এই কথাটা বলে রাখা ভাল। কিছু মেরামত করা সম্ভব। এখনই যদি সদর্থক উদ্যোগ নেওয়া যায় তাহলে এই শহরের শ্রী ও স্বাস্থ কিছু পরিমাণে ফিরিয়ে আনা সম্ভব। এ বিষয়ে নানাজনের সাথে আলোচনা করে আমার কিছু কথা মনে হয়েছে। এখানে সেই কথাগুলি সংক্ষেপে বলতে চাই। অনেকদিন ধরে নানাসূত্র থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছিলাম। আমার অসাবধানতার কারণে আমার ল্যাপটপটি নিশিকুটুম্ব নিয়ে গেছে। আমার সংগৃহীত যাবতীয় তথ্যও সেইসঙ্গে চলে গেছে। ফলে তথ্যসহ কথা বলা এই মুহূর্তে সম্ভব নয়। আমি গত দুতিনদিন ধরে বর্ধমান মিউনিসিপ্যালিটী ও বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইট খুঁজলাম । দরকারী তথ্য পেলাম না। এই দুই সংস্থা আমাদের এই প্রিয় শহরের উন্নতির জন্য কি কি পরিকল্পনা রচনা করেছেন জানতে পারলে সুবিধা হোত। লক্ষ্য করে দেখবেন আমি আমার প্রতিবেদন ও ব্যাখ্যায় রাজনৈতিক দোষারোপের মধ্যে নিজেকে জড়াই নি। আমি বুঝেছি এই দোষ আমাদের সকলের। ব্যক্তি মানুষের লোভ ও স্বার্থচিন্তা সমানভাবে দায়ী এই শহরের এই বর্তমান অবস্থ...

কেমন আছে শহর বর্ধমান ?......( নয় )

কেমন আছে শহর বর্ধমান ? ......( নয় ) এ শহর কি জতুগৃহ হবে? আমি যখন ‘বর্ধমান সমাচার’ পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলাম তখন থেকেই মাথায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই শহরের সারা অবয়ব জুড়ে “সুপার মার্কেট” তৈরি হতে শুরু করেছে উনিশশো নব্বইয়ের দশক থেকেই। সুপার মার্কেট বলতে যে ঝা চকচকে একটা ছবি মানসচক্ষে ভেসে ওঠে এগুলি তার অত্যন্ত ‘দরিদ্র আত্মীয়’ সংস্করণ । ভেতরে ঢুকে এক রাস্তা থেকে আর এক রাস্তায় ঢুকতে গেলে অবশ্যই ধাক্কা খাবেন উল্টোমুখে আসা অন্য কারো সাথে। নেই আরো কতকিছু। সব থেকে বড় কথা এইসব মার্কেটে আগুণ লাগলে দমকল ঢুকতে পারবে না। যদিবা কোন কৌশলে জলের পাইপ নিয়ে যাওয়া যায় জল কোথায়? আশেপাশের পুকুরগুলি ‘পুকুর চুরি’ হয়ে গেছে। এমন কি বাঁকার পাড়েও যদি বসতি এলাকায় আগুণ লাগে কোনদিন জল পাওয়া যাবে না। সারা শহরটা স্থান বিশেষে খান্ডব বন ও জতুগৃহের রূপ নিয়েছে। # অনেক কথা বলার চেস্টা করলাম। আরো অনেক বেশি কথা বলা হোল না। স্মৃতি নির্ভর লেখার এই এক মুস্কিল। লেখা প্রকাশিত হবার পর মনে হয়,’ আরে এই খানটায় এই তথ্য বাদ গেছে; এখানটা অন্যভাবে লেখা যেত ।‘ না, এখন ভেবে লাভ নেই। দুয়েকটা কথা ব্যক্তিগত কৈফিয়ত হিসাবে বলার...