সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

।। আমার ধর্মপুস্তক পাঠের অভিজ্ঞতা ।।

।। আমার ধর্মপুস্তক পাঠের অভিজ্ঞতা ।।
যে বস্তীতে বড় হয়েছি সেখানে আমাদের ঘর থেকে তিন ঘর দূরে পরিমল কাকারা থাকতেন। বিয়েশাদী করেন নি, মাবাবার সঙ্গেই থাকতেন। আমি তখন ক্লাশ সিক্স বা সেভেনে পড়ি। ‘মিউজিক’ পড়ি ‘মূষিক’ উচ্চারণে। ভুল ধরিয়ে দেবার কেউ নেই। বাংলাতে সমস্যা ছিল না। কবিতা পড়তে ভাল লাগতো তাই এক একদিন জোরে আবৃত্তির ঢঙে পড়তাম। এটা যে আমার বিপদ ডেকে আনবে বুঝতে পারি নি।
একদিন শণিবারের বিকেল। খেলতে বেরোচ্ছি, পরিমল কাকার বাবা ডাকলেন ,’দাদুভাই, এদিকে শোন।‘ গেলাম। তারপর।
‘তুই খুব ভাল রিডিং পড়িস শুনেছি।‘( কার কাছে শুনলেন? প্রশ্ন করলাম মনে মনে)
আমি চুপ।
‘এই বইটা আমাকে পড়ে শোনা। ওই টুলটা টেনে নিয়ে বোস।‘ ( ফেঁসে গেলাম কিন্তু পালানোর উপায় জানি না।)
যে বইটা আমার হাতে এল সেটির নাম ‘মনসা মঙ্গল’। অগত্যা সুর করে পড়ে শোনাতে হোত। কিছুক্ষণ পর দাদু ঘুমিয়ে পড়তেন আর আমি সুড়সুড় করে কেটে পড়তাম। কিন্তু মুক্তি পেতাম না। আমার প্রথম রামায়ণ ও মহাভারত পড়া এইভাবে।
#
আমাদের বাড়িতে বাবার একটিমাত্র বই ছিল। এ ছাড়া ‘আলোচনা’ নামে একটি পত্রিকা মাঝে মাঝে আসতো। পত্রিকাটিও ধর্ম সংক্রান্ত। সতসঙ্ঘ প্রকাশনা। বইটির নাম ‘সঙ্ঘ গীতা’। স্বামী প্রণবানন্দজীর লেখা গীতা সারাংশ। ( আশাকরি ঠিক বলছি। ৬০ বছর আগেকার কথা- ১৯৫৭)। একদিন মন অস্থির ছিল। আনমনা ভাবে বইটি হাতে তুলে নিয়ে ভূমিকা পড়ে ফেললাম। লেখা ছিল যে যদি শুদ্ধ মনে শুদ্ধ বসনে কেউ এই বইটি পাঠ করে দিনের কাজ শুরু করে তাহলে সেই দিনের কাজে তার সাফল্য অনিবার্য। তখন আমার প্রবল নেশা গুলি খেলায়। (কলকাতা থেকে এই নেশা আমার সঙ্গে এসেছে এবং ক্লাশ টেন পর্যন্ত সঙ্গ ছাড়ে নি।) ‘গীতার’ ভূমিকা পড়ে মনে জোর পেলাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে রাস্তার কলে চান করে এসে গেঞ্জী ও প্যান্ট পরে ঠাকুরের সামনে বসলাম। ( গীতা ওখানেই রাখা থাকত )। তারপর মন দিয়ে একটি অধ্যায় পড়ে শেষ করলাম। নিয়মের মধ্যে ছিল একবারে অন্তত একটি অধ্যায় পুরো না পড়লে ফল পাওয়া যাবে না। আমাকে ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করতে দেখা আমার মায়ের এক দুর্লভ অভিজ্ঞতা। আমার কাছে জানতে চাইলেন,’ হঠাত তোর মনে এতখানি ভক্তি কোথা থেকে এল?’ আমি মৃদু হাসলাম । কোনো উত্তর দিলাম না। তারপর টিফিন খেয়ে গুলি খেলতে চলে গেলাম পাশের গলিতে। সেদিন জিতলাম। গীতায় বিশ্বাস এলো। এইভাবে পরপর দিন দশেক জিতলাম আমি। আমার পুরো বিশ্বাস জন্মালো গীতার দৈবী মহিমা ও শক্তিতে। মাবাবাও খুশি হলেন এই জেনে যে তাদের আজন্ম নাস্তিক ছেলেটির ঠাকুরে ভক্তি হয়েছে। এগারো দিনের দিন থেকে আবার হারতে আরম্ভ করি। তারপর জীবনে হারের পর্ব চলতেই থাকে। গীতার দৈবী শক্তিতে আস্থা নষ্ট হয়ে যায় কিন্তু গীতা পড়ার আগ্রহটা বেঁচে থাকে মনের মধ্যে। এরপর নানা রকম ধর্মের বই পড়েছি। এখনো পড়ি। কিন্তু কিভাবে আগ্রহ জেগেছিল সেটা ভাবলে এখনো মজা লাগে।
সত্যি, আমার পাপের শেষ নেই। নরকেও ফ্ল্যাট পাওয়া না গেলে একটা পিজি খুঁজতে হবে। আমি জানি কিছু বন্ধু ওখানে আছে আমার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ

সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ ছোটো বয়সে সংস্কৃত ক্লাশে অনুবাদ করেছিলামঃ সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ। মনের মধ্যে খটকা এখনো লেগে আছে। সত্য সবসময় 'প্রিয়' হবে এমন কোনো মানে নেই। লোকের মন রাখতে গিয়ে মিথ্যে বা অর্ধ সত্যের চাষ করে যেতে হবে। তারপর আমরা একটা সুস্থ সমাজ চাইব!  মাঝে মাঝেই দেখি আমি হয়তো কোনো বন্ধুর পোষ্টে কিছু মন্তব্য করেছি যা সত্য কিন্তু তার মনঃপূত নয়। কিছুক্ষণ পর দেখি আমার মন্তব্য ডিলিট করে দিয়েছে। আমি হয়তো আর সেখানে কিছু মন্তব্য করব না বা তাকে আনফ্রেন্ড করব না ( তার স্তরে আমি কেন নামবো ?) কিন্ত সত্য কি ডিলিট করা যাবে? একটা তর্ক প্রায় শুনি- আমার সত্য বনা্ম তোমার সত্য। আমার হাসি পায়। সত্যের স্বরূপ তুমি- আমি -স্বাপেক্ষ নয়।

কেমন আছে শহর বর্ধমান ?......( আপাতত শেষ পর্ব)

কেমন আছে শহর বর্ধমান ? ......( আপাতত শেষ পর্ব)  কিভাবে লুপ্তোদ্ধার সম্ভব? না, এই এলোমেলোভাবে গড়ে ওঠা শহরের লুপ্তোদ্ধার সম্ভব নয়। প্রথমেই এই কথাটা বলে রাখা ভাল। কিছু মেরামত করা সম্ভব। এখনই যদি সদর্থক উদ্যোগ নেওয়া যায় তাহলে এই শহরের শ্রী ও স্বাস্থ কিছু পরিমাণে ফিরিয়ে আনা সম্ভব। এ বিষয়ে নানাজনের সাথে আলোচনা করে আমার কিছু কথা মনে হয়েছে। এখানে সেই কথাগুলি সংক্ষেপে বলতে চাই। অনেকদিন ধরে নানাসূত্র থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছিলাম। আমার অসাবধানতার কারণে আমার ল্যাপটপটি নিশিকুটুম্ব নিয়ে গেছে। আমার সংগৃহীত যাবতীয় তথ্যও সেইসঙ্গে চলে গেছে। ফলে তথ্যসহ কথা বলা এই মুহূর্তে সম্ভব নয়। আমি গত দুতিনদিন ধরে বর্ধমান মিউনিসিপ্যালিটী ও বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইট খুঁজলাম । দরকারী তথ্য পেলাম না। এই দুই সংস্থা আমাদের এই প্রিয় শহরের উন্নতির জন্য কি কি পরিকল্পনা রচনা করেছেন জানতে পারলে সুবিধা হোত। লক্ষ্য করে দেখবেন আমি আমার প্রতিবেদন ও ব্যাখ্যায় রাজনৈতিক দোষারোপের মধ্যে নিজেকে জড়াই নি। আমি বুঝেছি এই দোষ আমাদের সকলের। ব্যক্তি মানুষের লোভ ও স্বার্থচিন্তা সমানভাবে দায়ী এই শহরের এই বর্তমান অবস্থ...

কেমন আছে শহর বর্ধমান ?......( নয় )

কেমন আছে শহর বর্ধমান ? ......( নয় ) এ শহর কি জতুগৃহ হবে? আমি যখন ‘বর্ধমান সমাচার’ পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলাম তখন থেকেই মাথায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই শহরের সারা অবয়ব জুড়ে “সুপার মার্কেট” তৈরি হতে শুরু করেছে উনিশশো নব্বইয়ের দশক থেকেই। সুপার মার্কেট বলতে যে ঝা চকচকে একটা ছবি মানসচক্ষে ভেসে ওঠে এগুলি তার অত্যন্ত ‘দরিদ্র আত্মীয়’ সংস্করণ । ভেতরে ঢুকে এক রাস্তা থেকে আর এক রাস্তায় ঢুকতে গেলে অবশ্যই ধাক্কা খাবেন উল্টোমুখে আসা অন্য কারো সাথে। নেই আরো কতকিছু। সব থেকে বড় কথা এইসব মার্কেটে আগুণ লাগলে দমকল ঢুকতে পারবে না। যদিবা কোন কৌশলে জলের পাইপ নিয়ে যাওয়া যায় জল কোথায়? আশেপাশের পুকুরগুলি ‘পুকুর চুরি’ হয়ে গেছে। এমন কি বাঁকার পাড়েও যদি বসতি এলাকায় আগুণ লাগে কোনদিন জল পাওয়া যাবে না। সারা শহরটা স্থান বিশেষে খান্ডব বন ও জতুগৃহের রূপ নিয়েছে। # অনেক কথা বলার চেস্টা করলাম। আরো অনেক বেশি কথা বলা হোল না। স্মৃতি নির্ভর লেখার এই এক মুস্কিল। লেখা প্রকাশিত হবার পর মনে হয়,’ আরে এই খানটায় এই তথ্য বাদ গেছে; এখানটা অন্যভাবে লেখা যেত ।‘ না, এখন ভেবে লাভ নেই। দুয়েকটা কথা ব্যক্তিগত কৈফিয়ত হিসাবে বলার...